কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ এ ০৯:৪১ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১২-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ১২-০৪-২০৩০
গত ১০/৪/২০২৬ রোজ শুক্রবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, পাকশী অফিসে জেনারেল ম্যানেজার (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে এর সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রদত্ত যাত্রীসেবার মানোন্নয়ন, দুর্ঘটনা প্রতিরোধ, চলমান কার্যক্রম ত্বরান্বিতকরণ ও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে সার্বিক বিষয় অবহিতকরণে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব ফাহিমুল ইসলাম, সচিব, রেলপথ মন্ত্রণালয় মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিভিন্ন নির্দেশনাসমূহ প্রদান করেন।
ক. রেল অপারেশনের মাঠপর্যায়ের ব্যবস্থাপনায় বিভিন্ন স্তরে তদারকি, সমন্বয়, আন্তঃযোগাযোগ ও জবাবদিহিতার ঘাটতি ও একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি নিরসনে সকল স্তরের দায়িত্বপ্রাপ্তদের করণীয় নির্ধারণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে Standard Operating Procedure (SOP) প্রণয়ন করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও মোটিভেশনাল কর্মশালার আয়োজন করতে হবে;
খ. সহকারী লোকো মাস্টার, লোকো মাস্টার, গার্ড ও স্টেশন মাস্টারসহ রেল অপারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোকবল সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করতে হবে;
গ. রেলের লোকসান হ্রাসের লক্ষ্যে সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসঙ্গে রেলভূমির অবৈধ দখল উচ্ছেদে সক্রিয় ভূমিকা পালন করতে হবে;
ঘ. বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধি করতে হবে। কোনো প্রকার সমন্বয়হীনতার কারণে যেন রেলের উন্নয়ন ও যাত্রীসেবা বিঘ্নিত না হয় সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে। বিভিন্ন সময়ে অনুষ্ঠিত আলোচনা ও গৃহীত সিদ্ধান্তসমূহ যথাসময়ে বাস্তবায়নের লক্ষ্যে সকলকে অধিকতর তৎপর হতে হবে। কোনো পর্যায়ে দায়িত্ব অবহেলা পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।